আইপিএল নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। তিনি জানান, এই টুর্নামেন্টে খেলা নিয়ে বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার আগেভাগেই শেষ হয়ে যায়।
ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, আইপিএলের শুরুর দিকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তার বিরুদ্ধে গণমাধ্যম ব্যবহার করে ‘উইচ-হান্ট’ চালিয়েছিল।
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ইংলিশ ক্রিকেটারদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছিল ইসিবি।
সে বছর একমাত্র ইংলিশ খেলোয়াড় হিসেবে খেলেন দিমিত্রি মাসকারেনহাস। ২০০৯ সালে সীমিত সময়ের জন্য খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।
সেই আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দেন পিটারসেন। তবে আইপিএলকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত তার সঙ্গে বোর্ডের সম্পর্কের অবনতি ঘটায় বলে দাবি করেন তিনি।
পিটারসেন বলেন, ‘আমি বড় ত্যাগ স্বীকার করেছি। আমার ক্যারিয়ার হারিয়েছি। এজন্যই বোর্ডের সবাই আমার বিরুদ্ধে গিয়েছিল। ১০৪ টেস্ট খেলার পর ৩৩ বছর বয়সেই আমার ইংল্যান্ড ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমার ১৫০-১৬০টি টেস্ট খেলা উচিত ছিল এবং ১২-১৩ হাজার রান করা উচিত ছিল।’
ইসিবির বিরুদ্ধে গণমাধ্যম ব্যবহারের অভিযোগও তোলেন তিনি, ইসিবি “দ্য টেলিগ্রাফ” ব্যবহার করে আমার বিরুদ্ধে যায়। বিষয়টি অনেক প্রচারিত হয়েছে। এখন আমি শান্তিপূর্ণ জীবন যাপন করছি।
টেস্ট ক্যারিয়ারে পিটারসেন ৮ হাজার ১৮১ রান করেন, যেখানে রয়েছে ২৩টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি।
তবে নিজের এই অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য পথ তৈরি করেছে বলেও মনে করেন তিনি, কয়েক দিন আগে জস বাটলারের সাক্ষাৎকার নিয়েছিলাম, সেও আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমি যে ত্যাগ করেছি, তার ফল এখন তারা ভোগ করতে পারছে।
আইপিএলে পিটারসেন পরে দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। ২০২৫ সালে দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
কালের সমাজ/এসআর

