ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

দাউদকান্দিতে বাস ও সিএনজি সংঘর্ষে আহত ৩

মোঃ নাঈম সরকার রিফাত, দাউদকান্দি (কুমিল্লা) | এপ্রিল ৫, ২০২৬, ১১:২২ এএম দাউদকান্দিতে বাস ও সিএনজি সংঘর্ষে আহত ৩

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস রিজার্ভে নোয়াখালী-লক্ষীপুরে একটি উৎসব উপলক্ষে যাচ্ছিল। পথিমধ্যে মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে মালাখালা বাজারের দিকে চলে যায়। পরে স্থানীয় জনতা মালাখালা বাজার এলাকায় বাসটিকে আটক করে।

এদিকে, সিএনজিটিতে থাকা তিনজন যাত্রীই গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

গুরুতর আহত ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই পুরুষকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারীর তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত দুই পুরুষের একজনের মাথা ফেটে গেছে, অপরজন শরীরজুড়ে আঘাত পেয়েছেন।

বাসচালকের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে। বাসটির মালিক দাউদকান্দি উপজেলার বাসিন্দা। অন্যদিকে CNG চালক গরিপুর এলাকার বাসিন্দা।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


কালের সমাজ/এসআর

Link copied!