পিরোজপুরের জিয়ানগর উপজেলায় অতিরিক্ত দামে ভোজ্যতেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চন্ডিপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জিয়ানগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী মোড় চন্ডিপুর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন “মেসার্স তুহিন হার্ডওয়ার স্টোর”-এর প্রোপাইটর মোঃ তুহিন ইসলাম খান সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করছিলেন। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অভিযুক্ত ব্যবসায়ী তার অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে তার দোকানে থাকা তেল সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় জনগণের মাঝে বিক্রি করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান বলেন,
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী যদি অসাধু উপায়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন,
জনগণের স্বার্থে বাজার মনিটরিং জোরদার করা হয়েছে এবং কেউ যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা মূল্য নিয়ে কারসাজি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
কালের সমাজ/ কে.পি

