ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

মাঠে ফিরেই নতুন চোটে আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক | এপ্রিল ১১, ২০২৬, ১২:২১ পিএম মাঠে ফিরেই নতুন চোটে আর্জেন্টাইন তারকা

লাউতারো মার্টিনেজ মাঠে ফেরার পরই আবারও নতুন চোটে পড়েছেন। মাংসপেশির ইনজুরি থেকে প্রায় ছয় সপ্তাহ পর সেরে উঠে তিনি ইন্টার মিলানের হয়ে সিরি-আ ম্যাচে এএস রোমাকে ৫-২ গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন। তবে ম্যাচের পরদিনই ফের একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইন্টার মিলান শুক্রবার (১০ এপ্রিল) নিশ্চিত করেছে, লাউতারোর হাঁটুর নিচের মাংসপেশিতে নতুন করে চোট লেগেছে। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। ইতালিয়ান গণমাধ্যমের ধারণা, এই চোটের কারণে তিনি আবারও প্রায় দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন।

এই সম্ভাব্য অনুপস্থিতি ইন্টার মিলানের জন্য যেমন চিন্তার, তেমনি আরও বড় উদ্বেগ তৈরি করছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জন্য। কারণ ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দলের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকারের ফিটনেস নিয়ে শঙ্কা বাড়ছে।

চোটের কারণে চলতি মৌসুমে এর আগেও প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন লাউতারো। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিমটের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ার পর তিনি দীর্ঘ সময় রিহ্যাবে ছিলেন। সম্প্রতি ফিরেই আবারও সমস্যায় পড়ায় তার পূর্ণ ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক মাস। এমন সময় দলের প্রধান ফরোয়ার্ডের বারবার চোট লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।

Link copied!