ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

সংস্কারের অভাবে ​ধামরাইয়ের শরীফবাগ-কাকরান সড়কে চরম জনদুর্ভোগ।

​ধামরাই (ঢাকা) প্রতিনিধি | এপ্রিল ১১, ২০২৬, ০৩:৪৪ পিএম সংস্কারের অভাবে ​ধামরাইয়ের শরীফবাগ-কাকরান সড়কে চরম জনদুর্ভোগ।

ঢাকার ​ধামরাইয়ে শরীফবাগ থেকে কাকরান পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি এখন এলাকাবাসীর জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের পিচ ও খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। ফলে এই পথে চলাচলকারী হাজারো মানুষ এবং যানবাহন চালকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। 

​সরেজমিনে গিয়ে দেখা যায়, শরীফবাগ মোড় থেকে কাকরান অভিমুখে রাস্তার অধিকাংশ স্থানেই কার্পেটিং নেই। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কর্দমাক্ত হয়ে পড়ে, যা পথচারীদের চলাচলের অযোগ্য হয়ে ওঠে। শুকনো মৌসুমে ধুলোবালির কারণে রাস্তার দুই পাশের বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।এছাড়াও সাবেক যে চেয়ারম্যান ছিল তার বাসাও এই সড়কে এবং সদর ইউনিয়ন পরিষদে এই সড়ক দিয়ে যেতে হয়। এটি একটি জন গুরুত্বপূর্ণ  সড়ক এরপরেও এই রাস্তার বিগত কয়েক বছর সংস্কার বা পুনঃনির্মাণ হয়নি।

​এই রাস্তা দিয়ে প্রতিদিন সিএনজি, অটোরিকশা এবং পণ্যবাহী ট্রাক চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় এক চালক বলেন, ​রাস্তার যে দশা, গাড়ি চালানো দায়। গর্তে পড়ে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, আবার মাঝেমধ্যে গাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা হয়। এই রাস্তায় চলাচল করতে এখন দ্বিগুণ সময় লাগছে।  স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নোংরা কাদা ও ঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। ​মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে সমস্যায় পড়তে হচ্ছে। কারণ ভাঙা রাস্তায় দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন চালানো অসম্ভব।

​এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে রাস্তাটি মেরামতের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে এবং দ্রুতই বরাদ্দ পাওয়ার আশা করা যাচ্ছে।

সাধারণ মানুষের দাবি,  দীর্ঘদিনের এই ভোগান্তির যেন  অবসান ঘটে।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!