ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১১, ২০২৬, ০৫:৫৪ পিএম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিদল

ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। বহুল আলোচিত ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের আগে এই বৈঠকগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। তার সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে দেশটির পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শনিবার সকালে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।

তবে উভয় বৈঠকের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। কূটনৈতিক সূত্রে ধারণা করা হচ্ছে, আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ এবং মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা নিয়েই মূলত আলোচনা হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

 

কালের সমাজ/ওজি

Link copied!