ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে : এওএবি

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১১, ২০২৬, ০৭:০৭ পিএম দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে : এওএবি

দেশের এভিয়েশন শিল্প বর্তমানে জেট ফুয়েলের উচ্চমূল্য, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার উচ্চ ফি-এর কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নেতারা।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এসব বিষয় উঠে আসে।

সভায় সংগঠনের সভাপতি ও স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে। এই সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট আইন ও নীতিমালার কিছু অংশ পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

এওএবির মহাসচিব ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের দাম ও পরিচালন ব্যয়ের পাশাপাশি প্রশাসনিক জটিলতা এই খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সভায় উপস্থিত অন্য নেতারাও এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

 

কালের সমাজ/ওজি

Link copied!