ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

সীমান্তে মাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পা

জেলা প্রতিনিধি, কক্সবাজার | এপ্রিল ১০, ২০২৬, ০৯:২৪ পিএম সীমান্তে মাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় পুঁতে রাখা ল্যান্ডমাইনের বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার একটি পায়ের গোড়ালি উড়ে গেছে এবং অন্য পায়ের হাঁটুর নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মো. সাদেক (২৫) বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর বাসিন্দা। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্যরেখার প্রায় ১৫০ মিটার ভেতরে মিয়ানমারের অংশে ‘নারিকেল বাগান’ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে বিজিবি সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি গিয়ে দেখেন, সহকর্মীরা আহত সাদেককে বাংলাদেশে নিয়ে আসছেন।


পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে সাদেকসহ কয়েকজন জেলে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে পুঁতে রাখা মাইনের বিস্ফোরণে তিনি আহত হন।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

সীমান্ত এলাকায় এমন মাইন বিস্ফোরণের ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষ করে জীবিকার প্রয়োজনে সীমান্তবর্তী এলাকায় যাতায়াতকারী জেলে ও রোহিঙ্গাদের জন্য ঝুঁকি বাড়ছে।

 


কােলর সমাজ/ কে.পি

 

Link copied!