বাংলা নববর্ষ পহেলা বৈশাখ আসন্ন। যেখানেই বাঙালি, সেখানেই বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন। প্রতি বছরের মতো দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন দেশে এ প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করে থাকেন বাঙালিরা।
এবারও বাংলা নববর্ষ বরণ করে নিতে জাপানের মাটিতে বসছে বাঙালির প্রাণের উৎসব—বৈশাখী মেলা ২০২৬। আর এবারের মেলার প্রধান আকর্ষণ হচ্ছে—বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও গায়ক আরফিন রুমি। তাদের সঙ্গে মিউজিক টিমে থাকছেন বাপ্পি, রানা, উজ্জ্বল ও মেহেদী। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যে এক টুকরো বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
রোববার (১২ এপ্রিল) সাইতামা প্রিফেকচারের মিশাতো সিটির মনোরম লিতপিয়া পার্কে এ মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা জাপান ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত উৎসবটি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানে বসবাসরত নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতিকে পরিচিত করা এবং প্রবাসীদের মধ্যে সৌহার্দ বৃদ্ধি করাই এ মেলার মূল উদ্দেশ্য। ১২ এপ্রিল সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হবে।
কালের সমাজ/ কে.পি

