স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ টলিউড। তবে ব্যক্তিগত জীবনের এই বিশাল শোক বুকে চেপেই পেশাদারিত্বের খাতিরে শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। আজ শুক্রবার, ১০ এপ্রিল পরিচালক শমীক রায় চৌধুরীর ‘তারকাটা’ সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
জানা গেছে, বেহালার কাছাকাছি একটি লোকেশনে সিরিজটির বাকি থাকা অংশের কাজ চলছে। এই সিরিজে অভিনেতা বিক্রম চ্যাটার্জির বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ঘনিষ্ঠ সূত্র মতে, সিরিজের কাজ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি, তাই কাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ফ্লোরে ফিরেছেন। প্রিয়াঙ্কা ছাড়াও শুটিংয়ে যোগ দিয়েছেন দেবেশ রায় চৌধুরী ও আয়ুশ দাস।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ওড়িশার তালসারিতে শুটিং চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হন অভিনেতা রাহুল। সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে জলে তলিয়ে যান তিনি। এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠে প্রিয়াঙ্কার কাজে ফেরা বিনোদন পাড়ায় আবেগঘন পরিবেশ সৃষ্টি করেছে। সহকর্মী ও ভক্তরা এই কঠিন সময়ে অভিনেত্রীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।
কালের সমাজ/কে.পি

