বিশ বছরের বেশি সময়ের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করা ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অনেকদিন ধরেই সিনেমার দর্শকের কাছ থেকে দূরে। বর্তমানে তিনি বিভিন্ন পণ্যপ্রতিষ্ঠানের ফটোশুট আর শোরুমের ফিতা কেটেই দিন পার করছেন। এবারও তার নতুন একটি ফটোশুট ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা ও প্রশংসা।
সম্প্রতি সহশিল্পী অভিনেতা আদর আজাদের সঙ্গে একটি ছবি প্রকাশের পরই তিনি নতুন করে আলোচনায় আসেন, যেখানে তাকে দেখা যায় লাল শাড়িতে একেবারেই ঐতিহ্যবাহী ‘বেহুলা-লক্ষীন্দর’ অনুপ্রাণিত লুকে।
এরপর সেই লুককে কেন্দ্র করে আরও একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত এসব ছবিতে তাকে দেখা যায় ঘন লাল রঙের ভারী কারুকাজ করা শাড়িতে, যেখানে প্রতিটি ফ্রেমেই ফুটে উঠেছে এক ধরনের রাজকীয় আভিজাত্য। ঐতিহ্যবাহী এই সাজে তার উপস্থিতি যেন লোককথার ‘বেহুলা’ চরিত্রকে নতুন করে আধুনিক ফ্যাশনের ভাষায় উপস্থাপন করেছে।

ফটোশুটে অপু বিশ্বাসের পরনে ছিল ভারী সোনার গহনা, নিখুঁত মেকআপ এবং মানানসই চুলের স্টাইল, যা তার সামগ্রিক লুককে আরও আকর্ষণীয় ও গ্ল্যামারাস করে তোলে। বিভিন্ন পোজ ও ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় ধারণ করা ছবিগুলোতে তাকে দেখা যায় আত্মবিশ্বাসী ও রাজসিক আবহে, যা সহজেই নজর কাড়ে ভক্তদের।
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ক্যাপশনও যোগ করেন, যেখানে তিনি লেখেন- ‘সব রানির রাজার প্রয়োজন হয় না। মাঝেমধ্যে নিজের রাজত্ব, একটি স্বপ্ন আর সামান্য কিছু অলংকারই যথেষ্ট।’
তার এই বক্তব্য ভক্তদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে এবং অনেকে এটিকে আত্মনির্ভরতা ও নারীর স্বকীয়তার প্রতীক হিসেবে দেখেন।
নতুন এই ফ্যাশন লুক ও ফটোশুট প্রকাশের পর নেটিজেনদের মন্তব্যেও ভেসে আসে প্রশংসার বন্যা। অনেকেই তার এই সাজকে এখন পর্যন্ত তার সেরা লুকগুলোর একটি হিসেবে উল্লেখ করেন। কেউ কেউ সরলভাবে মন্তব্য করেন, ‘অনেক সুন্দর’, আবার অনেকে তার রাজকীয় উপস্থাপনাকে বিশেষভাবে প্রশংসা করেন।

দীর্ঘ অভিনয় জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে এগিয়ে গেলেও অপু বিশ্বাস এখনও ঢালিউডে নিজের জনপ্রিয় অবস্থান ধরে রেখেছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফ্যাশন হাউজ ও ব্র্যান্ডের সঙ্গে ফটোশুটে নিয়মিত অংশগ্রহণ তাকে নতুন প্রজন্মের কাছেও সমানভাবে আলোচিত করে তুলেছে।
কালের সমাজ/এসআর

