ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

বর্ষবরণের প্রস্তুতিতে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক | এপ্রিল ১০, ২০২৬, ০৪:০৭ পিএম বর্ষবরণের প্রস্তুতিতে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে বর্ণিল সাজে সাজানো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার প্রতিটি অনুষঙ্গ।

বর্ষবরণের আগে আজ শেষ শুক্রবার হওয়ায় প্রস্তুতির এই আমেজ দেখতে চারুকলা প্রাঙ্গণে ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী।

এবারের আয়োজনে বাংলার লোকশিল্পের চিরচেনা রূপ ফুটিয়ে তুলতে পটচিত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। গত ২৫ বছর ধরে এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকা পটুয়া নাজির হোসেন জানান, বাংলার আসল রূপ সবুজের বন্দনা এবং লোকজ অবয়বগুলোই এবারের মূল আকর্ষণ।

চারুকলার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা দিন-রাত এক করে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন মোরগ, দোতারা, শান্তির পায়রা এবং হাতি-ঘোড়ার প্রতিকৃতি। বাউলদের প্রতি সংহতি জানাতে দোতারাকে এবার বিশেষভাবে উপস্থাপন করা হচ্ছে।

বর্ষবরণ ও শোভাযাত্রার রুট প্রসঙ্গে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম জানান, এবার মঙ্গল শোভাযাত্রা চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও দোয়েল চত্বর ঘুরে পুনরায় চারুকলা প্রাঙ্গণে এসে শেষ হবে।

নিরাপত্তার বিষয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, উৎসব নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সাপ্তাহিক ছুটির দিনে পরিবারের সদস্যদের নিয়ে চারুকলায় আসা দর্শনার্থীরাও আয়োজনের এই মহ মহ কর্মযজ্ঞ দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সার্বিক নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

কালের সমাজ/এসআর

Link copied!