ঢাকা বৃহস্পতিবার, ০৯ এপ্রিল, ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

গানের কথায় নারী অবমাননা! মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন বাদশা

বিনোদন ডেস্ক | এপ্রিল ৮, ২০২৬, ১০:১১ পিএম গানের কথায় নারী অবমাননা! মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন বাদশা

নিজের গাওয়া ‘টাটেরি’ গানে অশ্লীল শব্দ ও আপত্তিকর দৃশ্য ব্যবহারের অভিযোগে ভারতের জাতীয় নারী কমিশনের (এনসিডব্লিউ)-এর সামনে হাজির হয়ে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা।

এনডিটিভি থেকে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত শুনানিতে তিনি একটি লিখিত ক্ষমা প্রার্থনাপত্র জমা দেন। শুনানিকালে তিনি কমিশন প্যানেলকে আশ্বস্ত করেন যে, নিজের ভুলের জন্য তিনি অনুতপ্ত এবং এর প্রায়শ্চিত্ত করতে চান।

বাদশা জানান, আগামী চার মাসের মধ্যে তিনি নারী ক্ষমতায়ন নিয়ে একটি বিশেষ গান তৈরি করবেন। পাশাপাশি ৫০ জন কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেয়া এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিও দেন তিনি।

গত মার্চে মুক্তি পাওয়া ‘টাটেরি’ গানটির কথা ও ভিডিও প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই শিল্পী। অভিযোগ ওঠে, গানটিতে নারীদের অত্যন্ত আপত্তিকর ও অশালীনভাবে উপস্থাপন করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে।

এই ঘটনা ভারতের ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’-এর প্রয়োগের বিষয়টিকেও সামনে এনেছে। সংশ্লিষ্ট আইনে শিল্প বা বিনোদনের নামে নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়।


এখন দেখার বিষয়, বাদশা তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নারী অধিকার নিয়ে নতুন গান তৈরি ও কন্যাশিশুদের শিক্ষার দায়িত্ব কতটা বাস্তবায়ন করেন।

 

কােলর সমাজ/ কে.পি
 

Link copied!