বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে ভারত। বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা দ্রুত ও সহজভাবে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।
বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ তথ্য তুলে ধরেন তিনি। পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভিসা সহজীকরণের এই উদ্যোগ কার্যকর করা হতে পারে। পাশাপাশি দুই দেশ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ইস্যুতে নিয়মিত যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া, ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে ভারত ইতোমধ্যে সম্মতি দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কালের সমাজ/ কে.পি

