ঢাকা রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ঝুঁকিপূর্ণ ছোট্ট ঘরে জীবন সংগ্রাম সাইফুলের

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ | এপ্রিল ৫, ২০২৬, ০৪:৪৫ পিএম ঝুঁকিপূর্ণ ছোট্ট ঘরে জীবন সংগ্রাম  সাইফুলের

‎সাইফুল ইসলাম মৃত ছবের আলী ও মোছা: ছালমা বেগমের ছেলে। জানা যায়, অভাব-অনটনের তাড়নায় কয়েক বছর আগে তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। বর্তমানে তিনি একাই সংসার সামলাচ্ছেন। সাইফুল ইসলামের পরিবারে মোট তিনজন সদস্য রয়েছেন—তিনি এবং তার দুই ছেলে। এর মধ্যে এক ছেলে প্রতিবন্ধী, যাকে নিয়ে তিনি নিজেই বসবাস করেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসা করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্য ছেলেটি বর্তমানে তার নানার বাড়িতে থাকেন।

‎বয়সের ভারে এখন আর তেমন কাজ করতে পারেন না সাইফুল ইসলাম। জীবিকার তাগিদে বর্ষা মৌসুমে আশপাশের জলাশয়ে মাছ ধরেই কোনোভাবে তার সংসার চলে। তার একমাত্র সম্পদ বলতে পলি দিয়ে মোড়ানো ছোট্ট একটি ঘর, যার আয়তন মাত্র ৫ ফুটের মতো। সেই ছোট্ট ঘরেই তিনি বসবাস করেন এবং প্রতিবন্ধী সন্তানকে নিয়ে দিন কাটান।

‎সম্প্রতি কয়েক দিন আগে হওয়া ঝড়ে তার ঘরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঝড়ের সেই ভয় এখনো কাটেনি তার। প্রতিটি দিনই কাটছে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে—এই সামান্য ঘরটিও শেষ পর্যন্ত টিকে থাকবে কি না, সেটিই এখন তার সবচেয়ে বড় চিন্তা।

‎স্থানীয় সচেতন মহলের দাবি, মানবিক দিক বিবেচনায় অসহায় সাইফুল ইসলামের জন্য সরকারি বা বেসরকারি সহায়তা প্রয়োজন। একটি নিরাপদ বাসস্থান ও প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা সহায়তা পেলে হয়তো কিছুটা স্বস্তি ফিরে পেতে পারেন তিনি।
 

 

কালের সমাজ/কে.পি

Link copied!