পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি: খুলনা-৯৯৪) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১৪ মে ২০২৬ অনুষ্ঠিত হবে। জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গনে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার (১০ এপ্রিল) আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম। কমিশনার হিসেবে রয়েছেন
অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা ও অ্যাডভোকেট খায়রুল বাশার শামীম। তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আকরাম আলী মোল্লা।
তফসিল ঘোষণাকালে উপস্থিত ছিলেন বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আলিফ আহম্মেদ রাজিব, সদস্য সচিব ফরিদ শেখসহ সংশ্লিষ্ট শ্রমিকরা।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ১৯ এপ্রিল পর্যন্ত এ তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ২১ এপ্রিল আপত্তি নিষ্পত্তি শেষে ২২ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া ২৪ এপ্রিল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে এবং ২৫ এপ্রিল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ২৮ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে।
নির্বাচনের ভোটগ্রহণ ১৪ মে সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বর্তমানে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করছে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। এতে আহ্বায়ক হিসেবে রয়েছেন আলিফ আহম্মেদ রাজিব এবং সদস্য সচিব ফরিদ শেখ।
এ বিষয়ে মালিক সমিতির সহ-সভাপতি শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন, শ্রমিকদের কাজ মূলত সেবামূলক। দায়িত্ব সততা, নিষ্ঠা ও ইমানদারির সঙ্গে পালন করা প্রয়োজন। নতুন কমিটির দক্ষতা বৃদ্ধিতে মালিক সমিতির পক্ষ থেকে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
শ্রমিক নেতারা জানান, আসন্ন নির্বাচনে শ্রমিকরা যেন যোগ্য, সৎ ও দায়িত্বশীল প্রার্থীকে নির্বাচিত করেন। নির্বাচিত প্রতিনিধিরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ নিশ্চিতকরণ এবং দুর্যোগ বা সংকটে পাশে থাকবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
কালের সমাজ/ কে.পি

