বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শুরু হওয়া এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
জানা যায়, সকাল থেকে কুমিল্লা ইপিজেড এলাকায় বিক্ষোভে নামেন শ্রমিকরা। পরে তারা সড়কে নেমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড অংশ অবরোধ করেন। এতে দেশের অন্যতম ব্যস্ত এই রুটে চলাচলরত যানবাহন আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
শ্রমিকদের অভিযোগ, গত প্রায় ২০ মাস ধরে তাদের বকেয়া পাওনা পরিশোধ করা হচ্ছে না। বারবার দাবি জানানো হলেও নাসা গ্রুপ কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা।
এর আগে একই দাবিতে ইপিজেডের অভ্যন্তরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। কিন্তু তাতেও কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে মহাসড়ক অবরোধে নামেন বলে জানান শ্রমিকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ, ময়নামতি হাইওয়ে পুলিশ, সদর দক্ষিণ থানা পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে দ্রুত সড়ক থেকে অবরোধ তুলে নেওয়া যায় এবং যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়।
এদিকে অবরোধের ফলে কুমিল্লা-চট্টগ্রাম, কুমিল্লা-ঢাকা, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-লাকসাম, কুমিল্লা-বরুড়া ও কুমিল্লা-ফেনীসহ বিভিন্ন রুটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা জানান, “বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। আমরা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছি, যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়।
পরিস্থিতি স্বাভাবিক না হলে এই অবরোধ আরও বড় আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কালের সমাজ/এসআর

