আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এর পরিবর্তে তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান।
নতুন কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। কমিটির সদস্যরা হলেন—রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।
এনএসসি জানায়, নতুন এডহক কমিটি সাময়িকভাবে বিসিবির কার্যক্রম পরিচালনা করবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির তালিকাও পাঠানো হয়েছে।
ক্রিকেট বোর্ডের কার্যক্রমে সরকারি হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক নিয়মকানুনের বিষয় থাকায় এ পদক্ষেপের বিষয়ে আইসিসির অবস্থান গুরুত্বপূর্ণ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কালের সমাজ/কে.পি

