ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে তরুণ গ্রেপ্তার এক

জেলা প্রতিনিধি, নওগাঁ | এপ্রিল ৭, ২০২৬, ০৫:৪৭ পিএম নওগাঁয় স্কুলছাত্রীকে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে তরুণ গ্রেপ্তার এক

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে সড়কে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (৬ এপ্রিল ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে নওগাঁ শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিল। এ সময় একটি মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতনামা এক তরুণ তার পথরোধ করে এবং শ্লীলতাহানির উদ্দেশ্যে শরীরে স্পর্শ করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাটির পর থেকেই ছাত্রীটি মানসিকভাবে ভেঙে পড়ে এবং আতঙ্কে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে।

ঘটনার বিষয়টি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিক গুরুত্ব সহকারে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে দ্রুত শনাক্ত ও গ্রেফতারের নির্দেশ দেন।

এরপর ডিবি পুলিশের একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে প্রথমে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করে। পরবর্তীতে অভিযুক্তের পরিচয় নিশ্চিত হয়ে মঙ্গলবার মধ্যরাতে তার নিজ বাসায় অভিযান চালিয়ে মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭)-কে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকার বাসিন্দা।

গ্রেফতারের সময় ঘটনার সাথে ব্যবহৃত মোটরসাইকেল এবং অভিযুক্তের পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পাশাপাশি, অতীতেও সে স্কুলছাত্রীদের ইভটিজিং ও অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শের মতো অপরাধে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “সড়কে ইভটিজিং কিংবা স্কুলছাত্রীদের শ্লীলতাহানির মতো অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধীদের কঠোর হাতে দমন করা হবে।

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

 

কালের সমাজ/ কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!