যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত মেনে না নিলে ইরানে ভয়াবহ পরিণতি ঘটতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে একটি পুরো সভ্যতা বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন—যদি ইরান যুক্তরাষ্ট্রের দেওয়া সব শর্ত গ্রহণ না করে, তাহলে দেশটিতে নজিরবিহীন বিপর্যয় নেমে আসতে পারে।
ট্রাম্প তার বার্তায় উল্লেখ করেন, “আজ রাতেই এমন কিছু ঘটতে পারে, যার ফলে একটি সম্পূর্ণ সভ্যতা চিরতরে হারিয়ে যেতে পারে।” তবে তিনি এটিও জানান যে, তিনি এমন পরিস্থিতি দেখতে চান না, যদিও ঘটনাপ্রবাহ সে দিকেই এগোচ্ছে বলে তার আশঙ্কা।
এদিকে, ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে—সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। তবে এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাতে পারে।
উল্লেখ্য, তেহরানকে শর্ত মেনে নেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল ওয়াশিংটন। সেই সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্পের এ ধরনের কড়া সতর্কবার্তা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
কালের সমাজ/ কে.পি

