এশিয়ান কাপ বাছাইয়ের নিয়মরক্ষার ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আর এই জন্য ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনমন হয়েছে হামজা চৌধুরীদের। ফিফার হালনাগাদ করা তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৮১তম।
বাংলাদেশ ছাড়াও র্যাঙ্কিংয়ের এই বড় রদবদলে ধাক্কা খেয়েছে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিলও। লিওনেল মেসিদের অবস্থান দুই থেকে তিনে নেমে গেছে। লাতিন আমেরিকান আরেক পরাশক্তি ব্রাজিলও সুবিধা করতে পারেনি। ভিনিসিয়ুস জুনিয়রদের দল পাঁচ থেকে নেমে এখন ছয় নম্বরে অবস্থান করছে।
তবে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় চমক দেখিয়েছে দিদিয়ের দেশমের ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেদের দুর্দান্ত ফর্মের ওপর ভর করে দুই ধাপ এগিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে ফরাসিরা। সাম্প্রতিক ফিফা প্রীতি ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়াকে হারানোর সুবাদেই স্পেনকে সরিয়ে এক নম্বর আসন দখল করেছে তারা। অন্যদিকে শীর্ষস্থান হারিয়ে এক ধাপ নিচে অর্থাৎ দুই নম্বরে নেমে গেছে স্পেন।
এদিকে শীর্ষ পাঁচের চতুর্থ স্থানটি ধরে রেখেছে ইংল্যান্ড। তবে এক ধাপ এগিয়ে সেরা পাঁচে জায়গা করে নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ছয় নম্বরে থাকা ব্রাজিলের পরের চারটি স্থানে আছে যথাক্রমে নেদারল্যান্ডস, মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।
কালের সমাজ/এসআর

