ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

পিরোজপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | মার্চ ২৬, ২০২৬, ০২:৪৯ পিএম পিরোজপুরে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় শহীদ ওমর ফারুক মিলনায়তন উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, পুলিশ সুপার মোঃ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শহিদুল হক চান, সদস্য সচিব আব্দুর রাজ্জাক মুনান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাছিম আলী, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা।

অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসক আবু সাঈদ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে মুক্তিযোদ্ধারা তাদের রণাঙ্গনের স্মৃতিচারণ করেন। তারা বলেন, তাদের অনেক সহযোদ্ধা ইতোমধ্যে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। বর্তমানে জীবিত মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের কাছে সম্মানজনক স্বীকৃতিই প্রত্যাশা করেন, তারা কারো করুনার পাত্র হতে চায় না।

বক্তারা আরও বলেন, তারা কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে চান না। যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান তারা।

কালের সমাজ/এসআর

Link copied!