বুধবার (২৫ মার্চ) সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে জনস্বার্থে এ নোটিশ পাঠান।
নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।
আইনজীবীরা নোটিশে উল্লেখ করেন, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্টদের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষমতা হারানো ব্যক্তিদের যথাযথ পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করা হয়।
নোটিশে সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় উচ্চ আদালতে রিট দায়েরসহ আইনগত পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন, সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে।
উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
লিগ্যাল নোটিশ প্রসঙ্গে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ জানান, জনস্বার্থে ই-মেইলের মাধ্যমে নোটিশটি ইতোমধ্যে পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে ডাকযোগেও তা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
কালের সমাজ/ কে.পি

