ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক | মার্চ ২৬, ২০২৬, ০৬:৩৯ পিএম এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিল ইরান

বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ।

আইআরজিসি জানিয়েছে, যদি ইরানের ভূখণ্ড বা দ্বীপপুঞ্জে কোনো ধরনের স্থল অভিযান চালানো হয়, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে ‘শত্রুপক্ষ’ সামরিক তৎপরতা বাড়ায়, তবে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খোলা হতে পারে।


বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে এবং সুয়েজ খালের মাধ্যমে ইউরোপ-এশিয়ার নৌবাণিজ্যের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়। বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে সম্পন্ন হয়।

বিশ্লেষকরা বলছেন, এই প্রণালিতে অবরোধ কার্যকর হলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যার প্রভাব পড়বে তেলের দাম ও বৈশ্বিক অর্থনীতিতে।


যদিও প্রণালিটি ইয়েমেনের ভূখণ্ডের কাছাকাছি, তবুও সেখানে কার্যকর প্রভাব বিস্তার করতে পারে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। আইআরজিসি জানিয়েছে, এ বিষয়ে হুথি গোষ্ঠীর সঙ্গে ইতোমধ্যে সমন্বয় হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে।

উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছিল ইরান, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে উদ্বেগ তৈরি করেছে। এখন বাব আল-মান্দেবকে ঘিরে নতুন হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।


 

 

কালের সমাজ/ কে.পি

Link copied!