ঢাকা শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

মুকসুদপুরে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা, আবেগ ও চেতনার এক অনন্য সম্মিলন

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি | মার্চ ২৬, ২০২৬, ০৩:৪০ পিএম মুকসুদপুরে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা, আবেগ ও চেতনার এক অনন্য সম্মিলন

গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসন। 

দিবসের প্রথম প্রহরেই শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি, যা ধীরে ধীরে রূপ নেয় এক আবেগঘন জাতীয় আয়োজনের।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা চত্বরে অবস্থিত শহীদ বেদিতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুকসুদপুর শাখার পক্ষ থেকে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের এ আয়োজন ক্রমেই পরিণত হয় এক সম্মিলিত জাতীয় আবেগে। পরে একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুকসুদপুর থানা পুলিশ—যেখানে উপস্থিত ছিলেন এসপি সার্কেল শাহরিয়ার নাফিস ও ওসি আব্দুল্লাহ আল মামুন।

শুধু রাজনৈতিক বা প্রশাসনিক পরিমণ্ডলেই সীমাবদ্ধ থাকেনি এ আয়োজন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি মুকসুদপুর কলেজসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে দিনটিকে করে তোলে আরও অর্থবহ ও প্রাণবন্ত।

প্রতিটি সংগঠনের অংশগ্রহণে শহীদদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান আদর্শ নতুন করে স্মরণ করা হয় এবং তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

মুকসুদপুরে স্বাধীনতা দিবসের এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে উঠেছে বাঙালির আত্মত্যাগ, গৌরবময় ইতিহাস এবং স্বাধীনতার চেতনার এক জীবন্ত প্রতিফলন।

কালের সমাজ/এসআর

Link copied!