১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী, বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের স্মৃতিচারণ করেন এবং তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাদের সাহসিকতা ও আত্মত্যাগ জাতির জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে। তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয় না এবং তাদের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
তিনি আরও বলেন, কেন মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এবং সে সময় বাঙালির ওপর কী ধরনের বৈষম্য চালানো হয়েছিল—এসব বিষয় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি। ২৫ মার্চের গণহত্যাই মূলত স্বাধীনতার বীজ বপন করেছিল। নানা কারণে এখনো আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সবার কাছে পৌঁছে দিতে পারিনি বলেও তিনি উল্লেখ করেন।
জেলা প্রশাসক রাজনৈতিক বিভাজন পরিহার করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

