মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় তারা জাতীয় প্যারেডগ্রাউন্ডে যোগ দেন। যোগ দেওয়ার পর কুচকাওয়াজ সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। ঘোড়ায় চড়ে প্যারেড কমান্ডারের প্রবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে মূল কুচকাওয়াজ। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক।
এবারের কুচকাওয়াজে সাজোয়া, আর্টিলারি, সিগনালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশগ্রহণ করেছে। আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে অবতরণ করবেন। একইসঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন কৌশলগত প্রদর্শনীও থাকবে।
সবশেষে মিগ-২৯ যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানবে।
কালের সমাজ/এসআর

