সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে-এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। এর মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো রাজপথের কর্মসূচি পালন করলো সংসদের বিরোধী দল। শনিবার (১২ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটায় কর্মসূচি শুরুর আগে থেকেই জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের নেতারা। যেখানে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, ভোটের পর বিএনপি জনগণের রায়কে উপেক্ষা করছে।
জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল। বক্তারা আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করা বৈধ আর জনগণের ভোটে সংস্কার হবে সেটাকে বলে অবৈধ, এমন দ্বিচারিতা বাংলাদেশের মানুষ সহ্য করবে না।’ গণভোটকে অবজ্ঞা করে জাতীকে অপমান করেছে বিএনপি। সরকার জনস্বার্থের বাইরে গেলে রাজপথ এবং সংসদ সব জায়গাতেই প্রতিবাদ করা হবে বলেও উল্লেখ করেন তারা।
পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট নজির আহম্মদ, সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, সাবেক সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান সহ আরো অনেকে।
কালের সমাজ/ কে.পি

