যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নওগাঁর পত্নীতলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে। এদিন সকাল ৮টা ৩০ মিনিটে নজিপুর বাসস্ট্যান্ডের মাতাজি রোড সংলগ্ন মোঃ মতিয়ার রহমানের চাতালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এবারের এই জামাতে প্রায় ১২০ জন মুসল্লি অংশ নিয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তারা পশু কোরবানি সম্পন্ন করেন।
উল্লেখ্য যে, বিগত পবিত্র ঈদুল ফিতরের নামাজ নজিপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের কলোনি পাড়ায় মোঃ মতিয়ার রহমানের বাড়ির পাশে অনুষ্ঠিত হয়েছিল। তবে জায়গার পরিবর্তন এনে এবার নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন তার মালিকানাধীন একটি চাতালে এই জামাতের আয়োজন করা হয়।
এ বিষয়ে উপস্থিত মুসল্লিরা জানান, বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে একই দিনে আনন্দ ও ধর্মীয় উৎসব পালন করতেই তারা দীর্ঘ সময় ধরে এভাবে ঈদের নামাজ আদায় করে আসছেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
কালের সমাজ/এসআর

