রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকলেও ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিবারের লিখিত আবেদনের পর এবং তাদের বিষয়টি বুঝিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঢাকা পোস্টকে এসব তথ্য জানান।
তিনি বলেন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ছয় নবজাতককে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার এই ছোট শিশুদেরকে ময়নাতদন্ত করাতে চায়নি, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ময়নাতদন্ত না হলে মৃত্যুর প্রকৃত কারণ কীভাবে জানা যাবে জানতে চাইলে তিনি বলেন, ছোট ছোট শিশুর পারিবারিক ইমোশন এখানে জড়িত। যেহেতু পরিবারের পক্ষ থেকে লিখিত দেওয়া হয়েছে, তাই মরদেহগুলো হরিপাল গুলুর কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্তের জন্য ময়না তদন্তটা হলে ভালো ছিল।
কিন্তু পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তা করা হয়নি। কিন্তু সিআইডির ক্রাইম সিন টিম ও ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট এখান থেকে নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা ফরেন্সিক করার পর আমরা মৃত্যুর আসল কারণ আশা করি জেনে যাব।
এ ঘটনায় হাসপাতালের কেউ আটক আছে কিনা বা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব হবে তিনি বলেন, ডিএমপির রমনা মডেল থানায় একজন অভিভাবক বাদী হয়ে একটি মামলা করছেন। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা এখন পর্যন্ত ইনফরমালি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে এখনো কাউকে আটক করা হয়নি। মামলাটা দায়ের সম্পূর্ণ হোক এরপর আমরা ফরমাল আইনি প্রক্রিয়ার দিকে অগ্রসর হব।
কালের সমাজ/ওজি

