ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সাতক্ষীরায় সীমান্ত উত্তেজনা, পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

কালের সমাজ ডেস্ক | মে ২৭, ২০২৬, ০৩:৩৪ পিএম সাতক্ষীরায় সীমান্ত উত্তেজনা, পুশব্যাক ঠেকাতে বিজিবির টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত “পুশব্যাক” চেষ্টা প্রতিহত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল ও নজরদারি জোরদার করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতদিন টহল অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সীমান্ত আইন লঙ্ঘন করে কোনো ধরনের পুশব্যাকের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এ কারণে টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত জনবলও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় জনগণকে সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিংও করা হচ্ছে।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার হাকিমপুর সীমান্ত এলাকায় কিছু ব্যক্তিকে জড়ো করা হয়েছে, যাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর (পুশব্যাক) প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তাদের পরিচয় ও অবস্থান নিয়ে বিভিন্ন দাবি উঠে এসেছে। কেউ কেউ দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন বলে জানা যায়। তবে এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ও নিরপেক্ষ তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট করা হয়নি।

বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

কালের সমাজ/এএইচবি

Link copied!