মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে৷
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট এলাকার খলিল মিয়ার ঘরের সিলিং থেকে অজগরটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ৷
খলিল মিয়া জানান, সকালে আমার বাসার সিলিংয়ের বাঁশের ওপর একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পাই৷ পরে আমরা ভয় পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেই,তারা এসে সাপটিকে উদ্ধার করেন৷
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান,সকালে খলিল মিয়া আমাদের খবর দিলে আমরা দ্রুত গিয়ে অজগরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি৷
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, অজগর সাপটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে৷ সাপটি দৈর্ঘ্যে আনুমানিক দশ ফুটের মত হবে৷ সাপটি এমনিতে সুস্থ আছে,সম্ভবত তীব্র গরমের কারণে সাপটি লোকালয়ে ঢুকে পড়েছিলো৷ সাপটিকে ইতিমধ্যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে দিয়েছি৷
কালের সমাজ/এসআর

