ঢাকা বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

সবুজায়নের মহৎ উদ্যোগ: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মুকসুদপুর প্রতিনিধি, গোপালগঞ্জ | মে ২১, ২০২৬, ০৫:৪৯ পিএম সবুজায়নের মহৎ উদ্যোগ: বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

"সবুজে ঘেরা হোক বাংলাদেশ, বাঁচুক পরিবেশ, গড়ুক সুন্দর আগামী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে নেওয়া হয়েছে এক প্রশংসনীয় উদ্যোগ। উপজেলার কঠুরাকান্দি বটতলা থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বৃক্ষরোপণের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে এই সবুজায়ন কর্মসূচি।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আয়োজিত সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ এলাকার রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। একটি গাছ শুধু ছায়া বা সৌন্দর্যই দেয় না। এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয়দের মতে, সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে। এমন উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যেও পরিবেশ সচেতনতা তৈরিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কালের সমাজ/কে.পি

Link copied!