পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটির সময় ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন নির্বিঘ্ন রাখতে তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২১ মে) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
সার্কুলারে বলা হয়েছে, ঈদের ছুটিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এটিএম বুথ, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সব এটিএম বুথে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পিওএস ও কিউআর কোডভিত্তিক লেনদেনও সচল রাখতে বলা হয়েছে। জালিয়াতি প্রতিরোধে গ্রাহক ও মার্চেন্টদের সচেতন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অনলাইন লেনদেনের নিরাপত্তা বাড়াতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টু-এফএ) বাধ্যতামূলকভাবে কার্যকর করার কথা উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে কার্ড ছাড়াই সম্পন্ন হওয়া অনলাইন লেনদেনে এই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোকে এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ রাখার পাশাপাশি বাড়তি লেনদেনের চাপ সামাল দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
কালের সমাজ/কে.পি

