নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণ করতে গিয়ে ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ মে) সকালে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করছিল।
এ সময় ছাদে থাকা এক যাত্রী অসতর্কতাবশত ওভারব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরে সান্তাহার জিআরপি পুলিশকে অবহিত করে। পুলিশ এসে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেয়।
স্টেশন মাস্টারের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিহত ব্যক্তি দিনাজপুরের বাসিন্দা হতে পারেন। তিনি ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এই ঘটনা আবারও স্পষ্ট করে দিলো, রেল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রেনের ছাদে ভ্রমণ কতটা ঝুঁকিপূর্ণ ও প্রাণঘাতী হতে পারে। সামান্য অসতর্কতা মুহূর্তেই নিয়ে যেতে পারে অকাল মৃত্যুতে।
কালের সমাজ/এএইচবি

