নরসিংদীতে একটি পুকুর থেকে ফাহিম মিয়া (১৭) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার মধ্য-শিলমান্দী এলাকার জোড়া ঈদগাহ মাঠের পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাহিম মধ্য-শিলমান্দী এলাকার বাসচালক রুহুল আমিনের ছেলে, সে ইজিবাইকের চালক ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় ফাহিম। পরে রাত ৮টার দিকে তার বাবার সাথে সবশেষ কথা হলে ফাহিম জানিয়েছিল কিছু লোক তার পিছু নিয়েছে। পরে তার বাবা প্রতিবেশিদের নিয়ে ফাহিমকে খোঁজতে বের হন। সারা রাত খোঁজেও সন্ধান মেলেনি ফাহিমের। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে তার মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। অন্যদিকে ঘটনাস্থলের পাশেই ফাহিমের ইজিবাইকটি পাওয়া যায়। তবে ইজিবাইকে থাকা ৪টি ব্যাটারি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
নরসিংদী সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির মাথার অংশ পানিতে আর পায়ের অংশ পাড়ে ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইজিবাইকটি পাওয়া গেলেও ইজিবাইকে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে ।
কালের সমাজ/কে.পি

