কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল) মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের কয়েকজন বর্তমান ও সাবেক নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই নিষেধাজ্ঞার আওতায় থাকা বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাশাপাশি তৎকালীন র্যাব কর্মকর্তা মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল।
একরামুল হক হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে দেশজুড়ে আলোচিত একটি ঘটনা। এ ঘটনায় বিভিন্ন সময়ে তদন্ত, বিচারিক কার্যক্রম এবং মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য আলোচনায় এসেছে। সর্বশেষ আইএসপিআরের ঘোষণার মাধ্যমে এই মামলার প্রেক্ষাপটে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।
কালের সমাজ/এএইচবি

