ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প, ব্যর্থ হলে হামলার হুমকি

কালের সমাজ ডেস্ক | জুলাই ২৮, ২০২৬, ১০:১৬ এএম ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা দেখছেন ট্রাম্প, ব্যর্থ হলে হামলার হুমকি
সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে ওয়াশিংটন আবারও সামরিক অভিযান শুরু করবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। খবর আনাদুলুর।

স্থানীয় সময় (২৮ জুলাই) সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তেহরানের পক্ষ থেকে বৈঠকের আগ্রহ প্রকাশ করার পর বর্তমানে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, সম্প্রতি তাদের কঠোর সামরিক পদক্ষেপের কারণেই ইরান আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে। আলোচনা ব্যর্থ হলে আগের মতো অভিযান আবার শুরু হবে।

আলাপকালে অন্যান্য বৈশ্বিক প্রসঙ্গ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ ছিল, রাশিয়া ইরানকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এ বিষয়ে ট্রাম্প জানান, বিষয়টি তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি জানতে চাইবেন।


অন্যদিকে, ইরান ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মতপার্থক্য রয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প জানান, তাদের দৃষ্টিভঙ্গি প্রায় একই, তবে সামান্য কিছু পার্থক্য রয়েছে। আজ মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধের বিষয় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন ট্রাম্প।
কালের সমাজ/এএইচবি 

ভিনদেশ বিভাগের আরো খবর

Link copied!