ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগরে বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ২, ২০২৬, ০৬:৫৭ পিএম নবীনগরে বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উরখুলিয়া গ্রামে গতকাল রাতে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়- উরখুলিয়া গ্রামের বাসিন্দা মো. হারুন অর রশিদ ও তাঁর পরিবার জীবিকার প্রয়োজনে ঢাকা শহরে বসবাস করেন। গত ১ জুন রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা কে বা কারা তাদের গ্রামের বাড়ির বসতঘরে (আব্দুস সালাম মাস্টারের ঘরে) আগুন লাগিয়ে দেয়।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তা দ্রুত নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর আগেই ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়। অভিযোগকারীর দাবি- এ ঘটনায় তাঁদের প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নারী (ভাবী) জানান- রাতে ঘর থেকে বের হলে তিনি সালাম মাস্টারের ঘরে আগুন দেখেন। তার চিৎকারে স্বামী, দেবর ও আশেপাশের প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দরজার তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভুক্তভোগী আব্দুস সালাম মাস্টারের চাচাতো ভাই চান মিয়া বলেন-“আমার ভাবী রাতে পানি আনতে গিয়ে আগুন দেখে চিৎকার করলে আমরা ঘুম থেকে উঠে দ্রুত তালা ভেঙে আগুন নেভানোর চেষ্টা করি। আগুনে ঘরের খাট, তোষক, সিলিং, জানালা এবং পানির ট্যাংকির প্লাস্টিক পাইপ পুড়ে যায়।"

ভুক্তভোগী ও মেরকুটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম সরকার অগ্নিসংযোগের পেছনে পূর্ব শত্রুতার ইঙ্গিত দিয়ে বলেন-"গত রমজান মাসে আমাদের বাড়িতে আমার ফুফাতো ও চাচাতো ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ঐ ঘটনার প্রেক্ষিতে আমরা গত ১ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম। আমার ধারণা পূর্বের সেই ঘটনার রেশ ধরেই প্রতিপক্ষের কেউ পরিকল্পিত ভাবে গভীর রাতে ঘরে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে। আমি প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।"

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. কামাল হোসেন সরকার বলেন-“গতকাল (১ জুন) রাত ৩ টার দিকে আমাদের ঘরে কে বা কারা পরিকল্পিত ভাবে আগুন দেয়। আমাদের চাচাতো ভাই ও ভাবী প্রথমে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যেত। আগুনে আমাদের খাট, তোষক, ঘরের সিলিং ও আসবাবপত্রসহ অনেক মালামাল নষ্ট হয়েছে।”

তিনি আরও বলেন- “আমার বিশ্বাস গ্রামেরই কোনো চক্র এই অগ্নিসংযোগের পেছনে জড়িত। আমি স্থানীয় প্রশাসন ও মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানের নিকট দাবী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার।”

এ বিষয়ে ভুক্তভোগী মো. হারুন অর রশিদ বলেন-“পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে আমাদের বসত ঘরে আগুন দেওয়া হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান-"অগ্নিসংযোগের বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

কালের সমাজ/কে.পি

 

Link copied!