ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা, আহত ৩

শ্রীপুর উপজেলা প্রতিনিধি, গাজীপুর | জুন ২, ২০২৬, ০৬:৪০ পিএম পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা, আহত  ৩

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 

উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি এলাকায় এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। হামলায় বাধা দিতে গিয়ে নিহতের মা, ছোট বোন ও ছোট ভাইসহ একই পরিবারের আরও ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলাম ও তার ছোট ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে পাশের বাড়ির শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীন ও মুক্তারসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে আজিজুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা আজিজুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় আজিজুলকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুলের ওপর হামলার পাশাপাশি অভিযুক্তরা তার বসতবাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে আজিজুলের মা, ছোট বোন ও ছোট ভাইকেও পিটিয়ে জখম করা হয়।

হত্যাকাণ্ডের এই ঘটনায় নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম বাদী হয়ে শামীম ও জামাল উদ্দিনসহ ৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান,মারামারির ঘটনায় আগেই একটি লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়েছিল।  সকালে ওই ব্যক্তির মৃত্যুর খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদূরের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!