বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ তরেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
গত সোমবার (১৩ এপ্রিল) তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার ম্যালেরিয়া শনাক্ত হয়। তিনি স্ত্রী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্ম নেওয়া মাহবুবুর পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। তিনি ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কালের সমাজ/এসআর

