ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

নাজিরপুরে রাতেও জমজমাট বেচাকেনা

জেলা প্রতিনিধি, পিরোজপুর | এপ্রিল ১৩, ২০২৬, ১০:০১ পিএম নাজিরপুরে রাতেও জমজমাট বেচাকেনা

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বন্দর বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পরেও চলছে হরদম দোকানদারি। সরকার নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

সোমবার (১৩ এপ্রিল) রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের প্রায় সব দোকানপাট খোলা রয়েছে এবং ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিও স্বাভাবিক দিনের মতোই। এতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শ্রীরামকাঠী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ হাসান, সাধারণ সম্পাদক ফাহিম মৃধা এবং ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মনোজ কান্তি মন্ডল জানান, দোকানপাট বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মাইকিং বা মৌখিক নির্দেশনা তারা পাননি। তাদের ভাষ্য, “প্রশাসন যদি আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়, আমরা অবশ্যই তা মেনে চলবো।”

এদিকে, পরিস্থিতি সম্পর্কে জানতে গণমাধ্যমকর্মীরা নাজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগীকে অবহিত করলে তিনি বলেন, “বিষয়টি আমি ইউএনও স্যারকে এখনই অবহিত করছি।” তবে এক ঘণ্টা অপেক্ষার পরও তিনি পুনরায় ফোন রিসিভ করেননি। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা’র সরকারি মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় নজরদারির অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


কালের সমাজ/কে.পি

Link copied!