ঢাকা সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর | এপ্রিল ১৩, ২০২৬, ০৭:৫৫ পিএম লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিজের ছেলেসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে শহরের বাঞ্চানগর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ (৫৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন। তিনি শহরের বাঞ্চানগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ১ বছর আগে তিনি চাকরি অবসর নেন।

আহতরা হলেন—নাছির আহমদের ছেলে ইমরান (২১), একই এলাকার গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাছির আহমদ।


স্থানীয়রা জানান, সকালে হঠাৎ তার ছেলে  ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। এ সময় চিৎকার শুনে  আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নাছির তাদের ওপরও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরও দুইজন গুরুতর আহত হন।ঘটনার একপর্যায়ে নাছির আহমদ তিনতলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
অভিযুক্ত পুলিশ সদস্য ১ বছর আগে অবসরে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

কালের সমাজ/কে.পি

Link copied!