গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের উজিলাব এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উজিলাব সাফিজ উদ্দিন মিলিটারির বাড়ি হতে শুরু হওয়া এই কার্পেটিং রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে।
মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃএস.এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নির্দেশনায় এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সংগ্রামী সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব বিল্লাল হোসেন বেপারী।
উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি খানাখন্দে ভরা ছিল। বর্ষাকালে চলাচল করা অসম্ভব হয়ে পড়ত। আজ কাজ শুরু হওয়াতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই কাজটি যেন দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন হয়।
অন্য এক পথচারী বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া ছিল আমাদের জন্য এক যন্ত্রণার নাম। রাস্তার কাজ শুরু হওয়ায় আমরা অনেক বড় দুর্ভোগ থেকে মুক্তি পেলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিল্লাল হোসেন বেপারী বলেন, পৌরবাসীর যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও আধুনিকায়ন করতে আমরা বদ্ধপরিকর। দীর্ঘদিন ধরে এই রাস্তাটি নাজেহাল অবস্থায় পড়ে থাকায় সাধারণ মানুষ যে ভোগান্তি পোহাচ্ছিলেন, তা এই সংস্কারের মাধ্যমে দূর হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক এস.এম জসিম, সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ, সাবেক শ্রমিক নেতা কালাম, বিএনপি নেতা আকরাম, হাজী রেজাউল করিম, মামুনুর রশীদ, শাহজাহান পালোয়ান, আবুল হোসেন, ইঞ্জিনিয়ার শহীদ, মেহেদী হাসান সরকার, মোফাসেল ফকির, মাইজুল ও সাজিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আর এস এন্টারপ্রাইজ। দীর্ঘদিন জরাজীর্ণ থাকার পর রাস্তার কাজ শুরু হওয়ায় ৬নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।
কালের সমাজ/ কে.পি

