কারেপিরোজপুরে সড়ক বিভাগের আওতাধীন Highway Master Plan (HMP) 2040 এর অধীনে বাস্তবায়নযোগ্য প্রকল্পসমূহ নিয়ে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক বিভাগ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং সঞ্চালনা করেন পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু। সভায় প্রস্তাবিত ভবিষ্যৎ মাস্টার প্লানসমূহ সংশ্লিষ্ট প্রকল্পের মাধ্যমে উপস্থিত সকল অংশীজনের কাছে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এসময় প্রকল্পগুলোর লক্ষ্য, সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি ও উপকারিতা তুলে ধরা হয় এবং অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, “আমরা আগামী ১৫-২০ বছর পর পিরোজপুরকে কোন পর্যায়ে নিয়ে যেতে চাই, সে লক্ষ্যেই সড়ক বিভাগ একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে, যা আজ অংশীজনদের মাঝে উপস্থাপন করা হয়েছে। এই পরিকল্পনাগুলো সরেজমিনে যাচাই-বাছাই করা হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “আগামী ১৫ বছর পর দেশ আরও উন্নত অবস্থানে পৌঁছাবে। তাই এই পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।”
সভায় উপস্থিত অংশীজনরা প্রস্তাবিত প্রকল্পসমূহের উপর বিভিন্ন মতামত প্রদান করেন এবং স্থানীয় বাস্তবতা, যানবাহনের ক্রমবর্ধমান চাপ ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে টেকসই, নিরাপদ ও আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, অংশীজনদের মূল্যবান মতামত ও সুপারিশসমূহ পর্যালোচনা করে Highway Master Plan (HMP) 2040 এর আওতায় প্রস্তাবিত প্রকল্পগুলো চূড়ান্ত করা হবে এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।
কালের সমাজ/কে.পি

