ঢাকা বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ভালুকায় সংঘাতে জড়ানো বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | এপ্রিল ১৫, ২০২৬, ০৬:২৮ পিএম ভালুকায় সংঘাতে জড়ানো বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিষ্কার

ময়মনসিংহের ভালুকায় রাজনৈতিক বিরোধের জেরে সংঘাত ও রক্তপাতে জড়ানোর অভিযোগে বাবা ও ছেলেকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার কথা জানানো হয়।
 

‎বহিষ্কৃতরা হলেন- ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকা মিয়া এবং তার ছেলে, সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ রানা। দুই জনকে বহিষ্কারের তথ্যটি নিশ্চিত করেছেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন।

‎বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ জেলাধীন ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকা মিয়া এবং সাবেক ছাত্রনেতা ও জামিরদিয়া ইউনিয়নের বিএনপির কর্মী তোফায়েল আহমেদকে (রানা) বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোকা মিয়ার প্রথম স্ত্রীর সন্তান তোফায়েল। প্রথম স্ত্রীর সঙ্গে প্রায় ১০ বছর আগে বিচ্ছেদ হয় খোকা মিয়ার। বাবা ও ছেলের মধ্যে এই বিরোধের মূলে ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভিন্ন ভিন্ন প্রার্থীর সমর্থন। খোকা মিয়া ছিলেন ধানের শীষের আনুষ্ঠানিক প্রার্থী ফখর উদ্দিন আহমেদের সমর্থক, অন্যদিকে তার ছেলে তোফায়েল আহমেদ রানা সমর্থন দিয়েছিলেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলমকে। রাজনৈতিক মতাদর্শের এই বিভেদ পারিবারিক কলহে রূপ নেয়।

‎এই বিরোধের ফলে দীর্ঘ দিন ধরে বন্ধ ছিল নারিশের মোড়ের বিএনপি কার্যালয়। গত ১২ এপ্রিল নিজের কার্যালয় খুলে বসেছিলেন তোফায়েল আহমেদ। খবর পেয়ে খোকা মিয়া কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিয়ে বাবা ছেলের মাঝে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছেলে রানা মিয়া বাবাকে লক্ষ করে গুলি চালান ও তার সঙ্গীরা বাবা খোকা মিয়ার সঙ্গে আসা লোকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। দলীয় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করা হয়। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ছয়টি তাজা গুলি ভর্তি ম্যাগাজিন, একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে।
 

‎কালের সমাজ/কে.পি

Link copied!