গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিধবা নারী ও তার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ সোলাইমান আকন্দ বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে বিবাদী করে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতখামাইর গ্রামের মৃত নজরুল ইসলাম আকন্দের ছেলে সোলাইমান আকন্দের সঙ্গে একই এলাকার জামাল উদ্দিন (৫৫), মোঃ বারেক (৩৫), আনোয়ার (৪০) ও আরিফসহ (২৮) বিবাদীদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সোলাইমানের মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে রোপিত গাছপালা কাটতে শুরু করে।
এ সময় সোলাইমান ও তার বৃদ্ধা মা মোছাঃ সাবেরা বেগম (৭০) বাধা দিতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা মা ও ছেলেকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। একপর্যায়ে ২নং বিবাদী সোলাইমানকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং ৫নং বিবাদী তার মায়ের শ্লীলতাহানি করে গলায় থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়দের সহায়তায় তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। বর্তমানে বিবাদীরা ভুক্তভোগীদের জমি থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমদ বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ/ কে.পি

