চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার। এবার মার্চ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের চারটি পুরস্কারে পুরস্কৃত হয় হাজীগঞ্জ থানা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন, পুলিশ সুপার মো. রবিউল হাসান।
জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মে উৎসাহ-উদ্দিপনা প্রদানে দেশের সকল জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করে থাকেন পুলিশ সুপার। এর ধারাবাহিকতায় চাঁদপুরেও প্রতিমাসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় কর্মকর্তাদের মাঝে পুরস্কৃত করা হয়।
এ মাসে (মার্চ) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন মুন্না পুরস্কৃত হন।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পুরস্কার মানুষের কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়ায়। নিরাপদ পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা মাদক, ইভটিজিং’সহ সামাজিক অপরাধ প্রতিরোধে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করলেই সুন্দর ও অপরাধ মুক্ত একটি সমাজ গঠন সম্ভব।
কালের সমাজ/কে,পি

