যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত দেশবিরোধী ‘গোলামী চুক্তি’ বাতিলের দাবিতে নওগাঁর মান্দায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে সিপিবি মান্দা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা. এস এম ফজলুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী কোনো চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। বিদেশি শক্তির কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো ধরনের ‘গোলামী চুক্তি’ করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের সম্পদ, অর্থনীতি ও নীতিনির্ধারণে বিদেশি হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়—এমন যেকোনো উদ্যোগই দেশের জনগণের জন্য হুমকিস্বরূপ। জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবি মান্দা উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড নিশিত কুমার প্রামানিক, কমরেড আব্দুস সোবহান ও কমরেড খোরশেদ আলমসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না এবং এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রসাদপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কালের সমাজ/কে.পি

