ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

জেলা প্রতিনিধি, শেরপুর | এপ্রিল ৯, ২০২৬, ০৮:২৪ পিএম শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম, জাল ভোট ও সহিংসতার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদুর রহমান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোটগ্রহণ চলাকালে প্রথমার্ধে শান্তিপূর্ণ পরিবেশ থাকলেও দুপুরের পর পরিস্থিতি নিয়ে অভিযোগ ওঠে। পরে বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ঘোষণা দেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান অভিযোগ করেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ব্যাপক অনিয়ম, জাল ভোট প্রদান এবং তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও প্রভাব বিস্তার করে জোরপূর্বক ব্যালটে সিল মারা হয়েছে বলেও দাবি করেন তিনি। এসবের প্রতিবাদ করায় তাঁর দলেরকর্মী-সমর্থকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ তোলেন।

তিনি বলেন, একাধিক কেন্দ্রে তিনি নিজে উপস্থিত থেকে জাল ভোট দাতাদের হাতেনাতে আটক করে প্রিসাইডিং কর্মকর্তার কাছে সোপর্দ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ঝগড়াচর কেন্দ্রে তাঁর উপস্থিতিতে একজনকে আটক করে পুলিশের কাছে দেওয়া হলেও পরবর্তীতে আবারও জাল ভোটের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।

সবশেষে তিনি বলেন, এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। এটি আপনারা দেখেছেন, আমিও দেখেছি, জনগণ দেখেছে। তাই আমি এই নির্বাচন বয়কট ও বর্জনের ঘোষণা দিচ্ছি।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতিতে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। নির্বাচনে মোট চার লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের ভোটাধিকার প্রয়োগের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে আগেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে প্রশাসন থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিলো।

 

কালের সমাজ/ কে.পি

Link copied!